বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতে ইসলামী, সতন্ত্র প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-বাসদ, গনঅধিকারসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা। নিজ দলীয় প্রতীক নিয়ে প্রার্থী ও তার কর্মী সমর্থকেরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এরই অংশ হিসেবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হাতপাখা প্রতীকে কুষ্টিয়া-৩ সদর আসনের আলামপুন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার আলামপুর ইউনিয়নে দিনব্যাপী হাতপাখা প্রার্থীর পক্ষে প্রচারনা করেন দলীয় নেতাকর্মী।
এছাড়া কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত কুষ্টিয়া-৩ সদর আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ এর নেতৃত্বে এ ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী, জেলা সহ-সভাপতি আলহাজ শেখ এনামুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা বাহা উদ্দিন আল মামুন,সদর থানা শাখার সভাপতি মুফতী মুক্তারুজ্জামান সহ উপজেলা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ। প্রচারণাকালে এমপি প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় এমপি প্রার্থী আব্দুল্লাহ আখন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
