সংকট উত্তরণে ধানের শীষের কোনো বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সংকট উত্তরণে ধানের শীষের কোনো বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে কাঞ্চনপুর এলাকাবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজপতি আলহাজ্ব আবুল কাশেম মৃধা ও সঞ্চালনা করেন শফিকুল ইসলাম শাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র নেতা প্রকৌশলী ইউসুফ, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক বাবুসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদের সামনে বিশেষ কোনো ব্যক্তি হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের অধিকার নিশ্চিতে ও ভবিষ্যতে সকল সুবিধা অসুবিধায় পাশে থাকতে চাই। বিগত সময়গুলোতে আমাকে যে ভাবে পাশে পেয়েছেন, আগামী দিনেও আমাকে আপনাদের সন্তান বা ভাই হিসেবে পাশে পাবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ বন্দি, মানুষের কণ্ঠ রুদ্ধ ছিলো। অনেক আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের ভোটে সরকার নির্ধারন করা হবে। তাই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার ফিরে পাওয়ার প্রতীক। আমরা তথা বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

“আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ। সভায় অন্য বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহবান জানান তারা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে কাঞ্চনপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা-সমাবেশ অব্যাহত থাকবে।