এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিলা কর্মী সভায় রেজা আহমেদ বাচ্চু মোল্লা রাষ্ট্রের সকল উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা চারটায় উপজেলার স্বরুপপুর গ্রামে নারী কর্মী সভায় নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীর শুরু থেকেই নারীরা পুরুষের পাশে থেকে সকল কাজের প্রেরণা ও সাহস যুগিয়েছে।
যুগে যুগে নারীদের অগ্রণী ভূমিকায় মানব সভ্যতা ও রাষ্ট্রের উন্নয়ন সাধিত হয়েছে। ধর্মীয় নানা অপব্যাখ্যার কারণে অনেক দেশ উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। শালীনতার মধ্য থেকে নারীদেরও পুরুষের পাশাপাশি রাষ্ট্রীয় সকল কাজে অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। সভায় উপস্থিত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সংসারের কাজের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখার জন্য নিজেরা এবং নিজেদের মেয়েদের যোগ্য করে গড়ে তুলুন। রাজনীতিতে নারীদেরও সক্রিয় ভূমিকা থাকতে হবে।
জামায়াতের নারী কর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তারা যেমন বাড়ি বাড়ি গিয়ে জামাতের পক্ষে ভোট চাচ্ছে আপনারাও তেমনি সংসারের কাজ করে অবসর সময়ে আপনাদের নিজ নিজ পাড়া মহল্লায় গিয়ে ধানের শীষের কথা বলুন, খালেদা জিয়ার কথা বলুন তারেক জিয়ার কথা বলুন। মহিলা কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ । মহিলা কর্মী সভায় নারী সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
