ইবি প্রতিনিধি ॥ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনসহ তিন দফা দাবিতে সপ্তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এক (০১) জুলাই থেকে তারা এই কর্মবিরতি পালন করছেন।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে গতকাল রোববার (৭ জুলাই) সপ্তম দিনের মতো অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। তাদের অন্য দাবিগুলো হলো- প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার।
এছাড়াও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও কর্মচারী সমিতি। প্রসঙ্গত, এর আগে গত ২৫, ২৬ ও ২৭ জুন একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। এছাড়াও গত ২৬ মে মানববন্ধন করেছে তারা। পরে ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন। এদিকে ৪ জুন সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি করেন শিক্ষকরা। এছাড়াও গত ৩০ জুন দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।
