মিরপুর প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে ৪ উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলাই শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম লক্ষ্য করা গেছে। গতকাল সকাল ৯টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন স্থানীয় এমপি মো. কামারুল আরেফিন। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা রির্টানিং কর্মকর্তা মো. আবু আনসার জানান, নির্বাচনী নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব, পুলিশ ও আনসার সদস্যসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে রয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
