কুষ্টিয়ায় মোটর সাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মোটর সাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২৪

কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর থেকে সৈয়দ মাছ উদ রুমী সেতুর টোল আদায়কারী কর্মির মোটর সাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দিয়েছেন  সৈয়দ মাছ উদ রুমী সেতুতে টোল আদায়ের কাজে নিয়োজিত ম্যানেজার শামীম শেখ।

কুষ্টিয়ায় মোটর সাইকেলের গতিরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

লিখিত এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার সময় সৈয়দ মাছ উদ রুমী সেতুর টোল আদায়কারী কর্মি কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে স্মরন আলী সেতুর টোল আদায়কৃত নগদ এক লাখ দশ (১,১০,০০০) হাজার টাকা সাইড ব্যাগে নিয়ে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরের আসার সময় হরিশংকরপুর খাঁ পাড়ার কুরবান আলী এর স-মিল এর পাশে পাঁকা রাস্তার উপর পৌঁছাইলে ঐ এলাকার সমসের খাঁ এর তিন ছেলে সবুজ খাঁ (৩৮), সিহাব খাঁ (৩৫) ও সাগর খাঁ (২৮) এবং নুরুল ইসলাম গুলি এর ছেলে রাব্বি (২৮) পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো চাপাতি, হকিস্টিক এবং লোহার রড স্মরন আলীর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সবুজ খাঁ হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছে ব্যাগে থাকা টাকা দিতে বলে। স্মরন আলী তার কাছে টাকা দিতে অস্বীকৃতি জানাইলে সিহাব খাঁ, সাগর খাঁ এবং রাব্বি সহ তাদের সাথে থাকা অন্যান্যরা তাদের হাতে চাপাতি, হকিস্টিক ও লোহার রড দিয়ে স্মরন আলী মারধর করে এবং সাথে টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্মরন আলীর চিৎকারে আড়ুয়াপাড়ার জিন্নাহ এর ছেলে মিতুল এবং  মৃত বাবুর ছেলে বাপ্পি সহ আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ইজিবাইক যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে সে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। জানতে চাইলে সৈয়দ মাছ উদ রুমী সেতুতে টোল আদায়ের কাজে নিয়োজিত ম্যানেজার শামীম শেখ বলেন, অভিযুক্তরা এলাকার চিহিৃত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার কেউ কোন কথা বলে না। আমরা থানায় এজাহার দিয়েছি কিন্তু পুলিশ এখনো কোন পদক্ষেপ নেইনি। উল্টো আমাদের কর্মিকে পুলিশ আটক করেছে এবং আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি। এই বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই।