কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় এক স্কুলের মেয়েরা টানা দুবার জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। প্রত্যন্ত গ্রামের এ স্কুলের মেয়েরা জাতীয় পর্যায়ে হ্যান্ডবল প্রতিযোগিতায় পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে।

 

কুষ্টিয়ার সদর উপজেলার এ অদম্য মেয়েদের উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী হিসেবে পেতে স্কুলে ধরনা দিচ্ছেন শহরের নামকরা কলেজের শিক্ষকরা। আইনশৃঙ্খলা বাহিনীতে আসছে চাকরির সুযোগ। কেউ কেউ সুযোগ পাচ্ছে বিকেএসপিতে খেলার, কেউ বা ডাক পেয়েছেন জাতীয় দলেও!

 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল ছুটির পর এই অনুশীলন এখন আর শুধুই বিনোদন নয়, তাদের উদ্দেশ্য এখন বারবার জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার। তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ানো সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা কেটে গেছে আগেই। এখন মেয়ের বাবারা চাচ্ছেন, তার সন্তান খেলুক। জয় করুক। আর তাকে করে তুলুক গর্বিত পিতা।

 

তবে শুরুর গল্পটা খুব সহজ ছিল না বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। তিনি বলেন, শুরুটা ২০২২-২৩ সালের দিকে। স্কুলের ক্রীড়া শিক্ষক যোগদান করে বললেন, স্যার মেয়েদের একটি হ্যান্ডবল টিম করতে পারি। গ্রামের স্কুল তো, এখানকার শিক্ষক ও এলাকাবাসী প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নেননি। যখন মেয়েরা জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল, তখনই তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা আসল।

 

সংকট ছিল বল কিংবা জার্সি কেনার টাকা নিয়েও। বিদ্যালয়ের ফান্ড থেকে এসব খরচ করা ছিল দুরূহ কাজ। তবে কমবেশি সহায়তা মিলেছে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের মাধ্যমেও, জানান প্রধান শিক্ষক বিল্লাহ হোসেন।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ‘বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিকা বিভাগে জাতীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। তারা শুধু জেতেইনি, রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে প্রতিপক্ষকে।

 

পুরো দেশকে মোট ৪টি অঞ্চলে (বকুল, চাঁপা, গোলাপ ও পদ্ম) ভাগ করে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। লিগের প্রথম ম্যাচে দেশের তিনটি বিভাগ চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা (উপ-অঞ্চল) নিয়ে গঠিত বকুল অঞ্চলকে ১৬-১ গোলে হারায় দুর্বাচারা। এরপর দ্বিতীয় ম্যাচে দেশের তিনটি প্রশাসনিক বিভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর (উপ-অঞ্চল) নিয়ে গঠিত চাঁপা অঞ্চলকে ২৭-১ গোলে বিধ্বস্ত করে দুর্বাচারা।

 

৯ অক্টোবর কুমিল্লার ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে গোলাপ অঞ্চলের (খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে গঠিত) হয়ে দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ৩২-৩ গোলের বড় ব্যবধানে হারায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত পদ্ম অঞ্চলকে। পদ্ম অঞ্চলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন উচ্চ বিদ্যালয়। লিগ ভিত্তিতে হওয়া তিন ম্যাচের সবগুলোতে বড় জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।

 

এই দলের সদস্য মায়মুনা খাতুন। নাতুড়িয়া গ্রাম থেকে ভ্যানে প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে আসতে হয় তাকে।

 

মায়মুনা বলছিল, শুরুতে অনেক কটূকথা শুনতে হইছে। পরিবার ও আশপাশের লোকজন বলতো, মেয়ে মানুষ খেলে কী করবে। এখন চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই খুশি। যারা আমাদের খেলতে না করতো, এখন তারাও চাচ্ছেন তাদের মেয়েরা খেলুক।

 

ইতোমধ্যেই জাতীয় দলে ডাক পেয়েছেন রতনা খাতুন। তিনি বলছিলেন, আমাদের চাকরির অফারও করা হয়েছিল। কিন্তু আমি আরও খেলতে চাই। আমার বাবাও চাচ্ছেন আমি আরও কিছুদিন খেলাধুলা করি।

 

তার পিতা লতিফ মোল্লা বলেন, সবকিছুতেই বাধা থাকে, সেসব পেড়িয়েই বড় হতে হয়। আমার মেয়ে জাতীয় দলে চান্স পেয়েছে, এ কথা অনেকে এখনো বিশ্বাসই করতে চায় না।

 

এই এলাকার সন্তান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন এই চ্যাম্পিয়নদের।

 

জাকির হোসেন সরকার বলেন, আমি ওদের চাহিদামতো সহায়তার চেষ্টা করি, সেটা ওরাও জানে। ক্রীড়া প্রতিমন্ত্রীকে এনে ওদের নিয়ে একটা অনুষ্ঠানের কথা ভাবছি। সম্ভবত ওরা আটজন জাতীয় দলে খেলার সুযোগ পেতে যাচ্ছে, এটা দারুণ সম্ভাবনার কথা।

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, প্রশাসন তাদের সফলতা সম্পর্কে অবগত। তারা যদি পরবর্তী সময়ে খেলাকে পেশা হিসেবে বেছে নিতে চায়, তাহলে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

 

আর প্রধান শিক্ষক বিল্লাল হোসেন জানালেন, ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে। নিজ কলেজে তাদের ভর্তি করতে মরিয়া কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া মহিলা কলেজের শিক্ষকরা। এসব দেখে দূর গ্রামের সচেতন অভিভাবকরা তাদের কন্যা সন্তানকে ভর্তি করছেন এই স্কুলে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর