কুমারখালী প্রতিনিধি ॥ ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে অন্তত ৪২ জন কিশোর-কিশোরী অংশ নেয়।
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আওতায় সেরা খেলোয়াড় তৈরি ও ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে ফুটবল, ভলিবল, দাবাসহ অন্যান্য খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এ আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে।









