কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কুমারখালী থানা-পুলিশ। পওে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার নন্দলালপুর, শিলাইদহ, জগন্নাথপুর ও সদকী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যান্য মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার ছয় আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









