কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পোড়াদহ জংশনে সাড়ে ৩ শতাধিক অসহায় মানুষের পাশে হাসিমুখ ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি ॥ মানবতার সেবা ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে পোড়াদহ রেলওয়ে জংশনে সাড়ে ৩ শতাধিক হতদরিদ্র, ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও অসচ্ছল মানুষের মধ্যে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।

 

গতকাল সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে ২০২৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি মাসে অন্তত একদিন সুবিধাবঞ্চিত ও অনাহারী মানুষের মধ্যে একবেলা খাবার পরিবেশন করে আসছে ‘হাসিমুখ ফাউন্ডেশন’। ধারাবাহিক এ কার্যক্রমের ১৬তম মাসে পদার্পণ করেছে সংগঠনটি।

 

এদিনের খাবারের মেন্যুতে ছিল গরম ভাত, মুরগির মাংস ও মসুর ডাল। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে বসে সাড়ে ৩ শতাধিক অসহায় মানুষ খাবার গ্রহণ করেন। একবেলার খাবারে ক্ষুধা নিবারণের পাশাপাশি আয়োজকদের এমন উদ্যোগে তাঁদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

 

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন, মিলন খন্দকার, শাহজাহান, শহিদুল, মামুন শেখ ও মিজানুর রহমান।

 

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকা এবং সমাজে অনাহারে থাকা মানুষের মুখে একটু হাসি ফোটানো। গত ১৫ মাস ধরে নিজেদের অর্থায়ন ও নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এ ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতে এ সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

 

অন্যদিকে, পোড়াদহ স্টেশনে অবস্থানরত কয়েকজন প্রবীণ ও পথবাসী বলেন, অভাব ও ক্ষুধার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষের জন্য এ ধরনের আয়োজন অনেক স্বস্তিদায়ক। তাঁরা সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর