কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল তিন দোকান

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজারে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানের নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রোববার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খোকন টেলিকমের লিটনের মোবাইল ফোনের দোকান, সোহেলের স্যান্ডেলের দোকান এবং কুমোদের সেলুন পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

 

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্ত খোকন টেলিকমের মালিক খোকন ও লিটন জানান, তাঁদের দোকানে থাকা নগদ দুই লাখ টাকার বেশি, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পাশের দুটি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন।

 

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, দৌলতপুরের আল্লারদর্গা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তিনটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর