নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল মজীদের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও গুলি ছোড়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলীর বিরুদ্ধে ওই নেতাকে সহযোগিতা, আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং অভিযোগ জানাতে গেলে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, পুলিশ ক্যাম্প ইনচার্জের প্রত্যাহার এবং আব্দুল মজীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
গতকাল রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মেজর অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে আব্দুল মজীদ মেম্বার এলাকার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছেন। এখনো এলাকায় নিজের প্রভাব বজায় রাখতে মাঝেমধ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন তিনি। এসব কর্মকাণ্ডে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলী সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মিজানুর রহমান আরও বলেন, গ্রামবাসী আব্দুল মজীদের অবস্থান পুলিশকে জানালেও তাকে আটক না করে উল্টো এলাকাবাসীর ওপর ক্ষোভ প্রকাশ করেন ক্যাম্প ইনচার্জ। তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয়দের মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ সময় আরব আলীকে দ্রুত প্রত্যাহার এবং আব্দুল মজীদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসক তানভীর ইসলাম বলেন, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। অথচ আব্দুল মজীদ মেম্বার এলাকায় আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলী তাকে পুনর্বাসনে সহযোগিতা করছেন বলে মনে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. ফরজন আলী অভিযোগ করেন, আব্দুল মজীদের প্রভাব বজায় রাখতে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এলাকাবাসী তাকে একাধিকবার আটক করলেও পুলিশ ইনচার্জ তাকে ছেড়ে দিয়েছেন বলে দাবি করেন তিনি। এমনকি আব্দুল মজীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো এলাকাবাসীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন ফরজন আলী। এ ছাড়া আর্থিক লেনদেনের বিনিময়ে তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন অভিযোগ করেন, আগের দিন এশার নামাজের পর বাড়িতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলী তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। পরে তিনি ও তার বাবা বাড়ি থেকে বের হলে দুজনকেই গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন ফারুক।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলীকে প্রত্যাহার এবং আব্দুল মজীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরব আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।









