মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মসজিদে নামাজের পর হাদিস ও দ্বীনি আলোচনা করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে জামায়াতের কুর্শা ইউনিয়ন আমির জয়নাল আবেদীনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসর নামাজের পর উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা গ্রামের তারাচাঁদ মণ্ডলপাড়া এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলুর হাত ভেঙে গেছে এবং স্বপন নামের অপর এক কর্মীর মাথায় আঘাত লেগে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আসরের নামাজের পর মসজিদে হাদিস ও দ্বীনি আলোচনা চলছিল। এ সময় জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীন এবং কুর্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আজিম উদ্দিন বাবলুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও ইউপি সদস্য আজিম উদ্দিন বাবলু বলেন, আমার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি অসুস্থ থাকায় এখন কথা বলতে পারছি না।
অন্যদিকে জামায়াতের ইউনিয়ন আমির জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হাদিস আলোচনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








