কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়াকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখা সম্ভব: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কর্মসূচিতে দেখা যায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন ঝাড়ু হাতে মাঠে নামেন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে, উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে চলমান থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কীভাবে ডেঙ্গু জ্বর হয় সেটা সবাই জানে, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ভাঙারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে। প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পানি জমে এই ডেঙ্গু ভাইরাস বহনকারী এসিড মশা জন্মায়। সবাই চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তাই কথা একটাই। কাজ, কাজ, আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য। তাই আসুন, আমরা নিজেকে সুস্থ রাখি। নিজের পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি।

প্রতি সপ্তাহে এক ঘণ্টা যদি আমরা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুত এই পরিবর্তন আনতে আমরা সক্ষম হব। এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সে ব্যবস্থা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করলে এবং তার বক্তব্য শেষে, কুষ্টিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এতে পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) ও সদ্য পদন্নোতি উপসচিব মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। ডেঙ্গু প্রতিরোধে সরকারের এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়াকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখা সম্ভব।

পরে কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকির সরকারের নেতৃত্বে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। এদিকে ঝাড়ু হাতে নিয়ে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান ও পুলিশ সুপার আমিনুল ইসলাম কুষ্টিয়ায় পরিচ্ছন্নতার উদ্বোধন করেন।

এতে জেলা বিএনপির শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার জাকির সরকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া স্বেচ্ছাসেবীরাও অংশ নেয়। এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা থাকলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করাই কর্মসূচির মূল লক্ষ্য। তাই আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সচেতন ও ডেঙ্গুমুক্ত কুষ্টিয়া গড়ে তুলি। উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জেলার সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর