কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে আলগামনের ধাক্কায় একজন নিহত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে হাঁটার সময় দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে ক্লিনিকে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত ফরা মণ্ডলের ছেলে। তিনি আল্লারদর্গা এলাকার প্রাণ কোম্পানির পরিবেশক কেন্দ্রের সরবরাহকর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বটতলা বাজার থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে পায়ে হেঁটে আল্লারদর্গা বাজারের দিকে ফিরছিলেন জহুরুল ইসলাম। চামনাই এলাকায় মহাসড়কের ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই আলগামন তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় জহুরুল সড়কের ওপর ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আল্লারদর্গা বাজারের বিসমিল্লাহ ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ক্লিনিকে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলগামনটি তারাগুনিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর