কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: ডিসি তৌহিদ বিন-হাসান

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার সুযোগ করে দিতে পারলে একটি শিক্ষিত, দক্ষ ও উন্নত জাতি গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্তত ১০ জন নিরক্ষর মানুষকে সাক্ষরতার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হলে ধীরে ধীরে বড় একটি জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় নিয়ে আসা সম্ভব।

প্রতিটি ইউনিয়নে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সাক্ষরতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি প্রকৃত অর্থে উন্নতি লাভ করতে পারে না। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। তাই সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার সুযোগ করে দেওয়া সবার দায়িত্ব। জেলা প্রশাসক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের শিক্ষা কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন, যুদ্ধের সময় ব্যাপক বোমা হামলায় জাপানের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলেও দেশটির মানুষ শিক্ষা কার্যক্রম বন্ধ হতে দেয়নি।

শিক্ষক ও সাধারণ মানুষ মাটিতে বসে ব্ল্যাকবোর্ড ও চক ব্যবহার করে শিশুদের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। তারা উপলব্ধি করেছিলেন, একটি জাতিকে পুনর্গঠন করতে হলে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, জাপান সে সময় শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। আমাদেরও এ শিক্ষা গ্রহণ করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় এনে একটি শিক্ষিত, দক্ষ ও উন্নত জাতি গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোহাম্মদ হাসান ইমাম, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মো. ইউনুছ আলী, জেল সুপার মোহাম্মদ শরিফুল আলম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াদুদ হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা নাজনীন আলম, মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন এবং দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমদ।

এছাড়া স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু অক্ষরজ্ঞান নয়, জীবনব্যাপী শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি ও সামাজিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ সময় বক্তারা আরও বলেন, স্বাক্ষরতা মানুষের মৌলিক অধিকার। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুধু অক্ষরজ্ঞান নয়, মানুষের মধ্যে জীবনব্যাপী শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। র‌্যালিতে স্বাক্ষরতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ক্যাপ প্রদর্শন করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর