কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় মসজিদের নামকরণ নিয়ে হামলায় আহত ৩

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় একটি কবরস্থানের জমিতে প্রতিষ্ঠিত মসজিদের নামকরণ ও কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বসতবাড়ি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খোকসা উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে খোকসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠপাড়া গ্রামে প্রায় অর্ধশত বছর আগে ওয়াকফ করা প্রায় দুই একর জমিতে যামিনী-কামিনী কবরস্থান প্রতিষ্ঠিত হয়। কবরস্থানের আয় থেকে কেনা জমিতে প্রায় ২০ বছর আগে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বিগত সরকারের আমলে মসজিদটির নাম ‘কুদ্দুসিয়া জামে মসজিদ’ করা হয়।

তবে সম্প্রতি মসজিদের মুসল্লিদের নিয়ে গঠিত নতুন কমিটি মসজিদটির নাম ‘মাঠপাড়া জামে মসজিদ’ করার সিদ্ধান্ত নেয়। মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সাবেক কমিটির লোকজন মসজিদের প্রধান ফটকে ‘কুদ্দুসিয়া জামে মসজিদ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিলে বিরোধ আরও তীব্র হয়। গত দুই শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হামলা-পাল্টা হামলায় কয়েকজন আহত হন এবং কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আফজাল মন্ডল (৫৫), পিতা—তাজু মন্ডল এবং সোহরাব (৪৫), পিতা—আমানত আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত হালিম রেজা উজ্জল (৩৬), পিতা—আবুল কালামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, সাবেক কমিটির নেতারা মসজিদের নামে বিভিন্ন দপ্তর থেকে কয়েক লাখ টাকা অনুদান নিয়ে আত্মসাৎ করেছেন। বারবার হিসাব চাওয়া হলেও তারা হিসাব দেননি। হঠাৎ করে পেশিশক্তির মাধ্যমে মসজিদে সাইনবোর্ড লাগানো হয়েছে। গ্রামবাসী ও মুসল্লিরা মসজিদের নাম ‘মাঠপাড়া জামে মসজিদ’ করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও তিনি জানান।

তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মসজিদের নাম পরিবর্তনের বিষয়ে তিনি অবগত নন। হঠাৎ করে মসজিদে ‘খোকসা মাঠপাড়া জামে মসজিদ’ লেখা সাইনবোর্ড দেখতে পান। কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর প্রার্থী নিজেদের মতো করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি দাবি করেন। আবুল কালাম সুমন বলেন, তার দাদি যামিনী ও কামিনী বিবির ওয়াকফ করা জমিতে কবরস্থান প্রতিষ্ঠিত হয়। ওই কবরস্থানের আয় থেকে কেনা জমিতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে।

তাই মসজিদের নাম ‘যামিনী-কামিনী কবরস্থান জামে মসজিদ’ হওয়া উচিত বলে তিনি দাবি করেন। মসজিদ কমিটির সভাপতি গোলাম ছরোয়ার বলেন, মসজিদের মুসল্লিদের সিদ্ধান্ত অনুযায়ী মসজিদের নাম পরিবর্তন করা হয়েছে। কিন্তু সাবেক কমিটির লোকজন তাদের না জানিয়ে ‘কুদ্দুসিয়া জামে মসজিদ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, মসজিদের কর্তৃত্ব নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর