দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলায় বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ৪৮ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং চার হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ লাখ ১৯ হাজার ২শ টাকা।
একই দিন রাত ১১টা ৫০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আকন্দপাড়ায় বিজিবির অন্য একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, এক হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ ১৯ হাজার ৫২৫ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









