কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সার সংকটের মধ্যেই বিএডিসির কর্মবিরতি, সার ব্যবস্থাপনায় অনিশ্চয়তা

বিশেষ প্রতিনিধি ॥ আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় সার সংকটের অভিযোগের মধ্যেই বেতন গ্রেড কমানো ও পদোন্নতিতে নতুন শর্ত আরোপের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার চৌড়হাসস্থ বিএডিসি সার দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতি দীর্ঘ হলে সার সরবরাহ ও গুদাম ব্যবস্থাপনায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. ওসমান গনি, উপপরিচালক (বীজ বিপণন) মো. আশরাফুল আলমসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. ওসমান গনি বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই কৃষি উপকরণ তথা  সেচ, সার ও বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বিএডিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা আলাদা প্রবিধানমালা ও আইন দ্বারা পরিচালিত এবং ১৯৬১ সাল হতেই বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত বেতন স্কেলে বেতন পেয়ে আসছিল; কিন্তু গত ৩১-৮-২০২৬ তারিখে এক পরিপত্রের মাধ্যমে বিএডিসির সব কর্মকর্তা-কর্মচারীর বেতন স্কেল বর্তমান ধাপের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে দেয়। এতে বিএডিসির সব কর্মকর্তা-কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন।

উপপরিচালক (বীজ বিপণন) মো. আশরাফুল আলম বলেন, বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরির পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুননির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ অধিকাংশ পদের বেতন গ্রেড একাধিক ধাপ কমানো হয়েছে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদে চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে। এতে দীর্ঘদিনের প্রচলিত পদমর্যাদা ও পদোন্নতির কাঠামো ক্ষতিগ্রস্থ হবে বলে তিনি জানান। বিএডিসির বীজ বিপণন দপ্তরের গুদামরক্ষক বিপ্লব শীল ভূলন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আমরা এ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছি।

এই প্রহসনের স্কেল ভেটিংয়ের মাধ্যমে বিএডিসিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দুই থেকে তিন ধাপ পর্যন্ত নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিএডিসির সকল কর্মকর্তা-কর্মচারীই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন।” বক্তারা নতুন স্কেল ভেটিংয়ের আদেশ পুর্নবিবেচনা করে পূর্বের বেতন গ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বহালের দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর