কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি ॥ এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাসের সন্ধান এবং তাদের গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। গতকাল রবিবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে দ্রুত তাদের সন্ধানের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাসসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, ৫ আগস্টের পর গুম কমিশন গঠন করা হয়েছে। গুম হওয়া অনেকের সন্ধান মিললেও ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস এখনো নিখোঁজ। তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর ব্যথা নিয়ে তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা বলেন, আমরা অতিসত্বর তাদের সন্ধান চাই। গুমের সঙ্গে জড়িত সব ব্যক্তি এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরসহ সংশ্লিষ্টদের দ্রুত বিচার করতে হবে।

ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা নিতে হবে। শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “তৎকালীন ফ্যাসিস্ট সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মকর্তা এবং তৎকালীন ছাত্রলীগের নেতারা ষড়যন্ত্রের মাধ্যমে প্রশাসনের সহায়তায় ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাসকে গুম করেছে।” তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত এর কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির কার্যক্রম দৃশ্যমান করতে হবে।

এই গুমের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর বাসে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তারের কথা অস্বীকার করে। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর