কুষ্টিয়ায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ মে) দুপুর ১টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের গৃহীত কাজের বিলের চেক প্রদান ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

জানা যায়, কুষ্টিয়া জেলার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় এসব চেক বিতরণ করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে কুষ্টিয়া সদর উপজেলাধীন দূর্বাচারা মল্লিকপাড়া জামে মসজিদের পূর্ণ নির্মাণ, বাড়াদি মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদের প্রধান ফটক নির্মাণ, পিয়ারপুর মসজিদের ছাদসহ অবকাঠামো উন্নয়ন, ভেড়ামারা উপজেলার বাহিরচর ১৬ দাগ জামে বড় মসজিদের সংস্কার ও উন্নয়ন, গোলাপনগর গোরস্থানে জানাজার শেড নির্মাণ এবং হযরত ফাতেমাতুজ্জাহ (রা.) জামে মসজিদে এসএস রেলিং গ্রিল ও থাই গ্লাস স্থাপনের প্রকল্পের চেক প্রদান করা হয়।

এছাড়া মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামের মন্দিরের উন্নয়ন ও সংস্কার, বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া জামে মসজিদ নির্মাণ ও পূর্ব চুনিয়াপাড়া জামে মসজিদ সংস্কার, দৌলতপুর উপজেলার দৌলতখালী আহলে হাদীস জামে মসজিদের সম্প্রসারণ, কুমারখালীর বানিয়াকান্দি জামে মসজিদের ছাদ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের প্রথম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে ২০২৪-২০২৫ অর্থবছরে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের দীঘা গ্রামের খরের মাঠ কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার টয়লেট নির্মাণ এবং ২০২৩-২০২৪ অর্থবছরে কুমারখালী উপজেলার পান্টি জীব মঙ্গল কেন্দ্রীয় মহাশ্মশান কৃষ্ণপুর উন্নয়ন প্রকল্পসহ আরও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।