সবুজ আলী, খোকসা ॥ গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুরে তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ইহসান আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তার স্মরণে গতকাল শনিবার (২ মে) সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, নিহত ইহসান আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছে ভ্যান থেকে নেমে তার মা ভাড়ার টাকা পরিশোধ করছিলেন।
এ সময় ইহসান রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খোকসা কাদিরপুর গ্রামে অবস্থিত তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবু বরাত ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও খোকসা সরকারি কলেজের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙ্গালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ সালাউদ্দিন, আনোয়ার মাস্টার, আনোয়ার হোসেন ও আনারুল মেম্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, “আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অল্প বয়সেই নিজের কাছে ডেকে নেন।
আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন ইহসান আব্দুল্লাহকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।” এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আশরাফুল ইসলাম, মাহবুব শুভ, হাফেজ রাসেল সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









