কুষ্টিয়া শিশু পার্কে পশুপাখির খাদ্য বরাদ্দ বাড়ানোর দাবি, স্মারকলিপি প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শিশু পার্কে পশুপাখির খাদ্য বরাদ্দ বাড়ানোর দাবি, স্মারকলিপি প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে থাকা পশুপাখির খাদ্য সংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধি করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের নিকট এ স্মারকলিপি দেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপু।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন এর সহ-সভাপতি শাহাবউদ্দীন মিলন, কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্য হাফিজুর রহমান লালু, শাহারিয়া ইমন রুবেল, কাজী জুরাইশ হোসেন, রাকিবুল হাসান রিংকু, রাসেল পারভেজ, মাহফুজুর রহমান, মিরাজুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিশু পার্কে থাকা হরিণ, বানর, কবুতরসহ বিভিন্ন পশুপাখির জন্য মাসিক মাত্র ৩০ হাজার টাকা বরাদ্দ রয়েছে, যা বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই সীমিত বরাদ্দের কারণে পশুপাখির জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে আরও বলা হয়, খাদ্য সংকটের কারণে হরিণসহ অন্যান্য প্রাণী পুষ্টিহীনতায় ভুগছে, যা তাদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য হুমকিস্বরূপ।

স্মারকলিপিতে দ্রুত খাদ্য বরাদ্দ বৃদ্ধি করে পশুপাখির যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। এ বিষয়ে পৌর নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্মারকলিপি গ্রহণ করে পৌর প্রশাসক বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।