কুষ্টিয়ায় মসজিদসহ ২৫০টি বৈধ দোকান উচ্ছেদ করতে চাইছে পৌরসভা! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মসজিদসহ ২৫০টি বৈধ দোকান উচ্ছেদ করতে চাইছে পৌরসভা!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬

পুনর্বাসনের দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত দোকানঘর উচ্ছেদ করার প্রতিবাদে এবং দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা মোঃ খোরশেদ আলম, মিঠু ইসলাম, রেজা আহমেদ, সোহেল আলী, সাইফুল, নজরুল, কল্লোল, আলম, লাল্টু, কাশেম, জিললু, আলমগীর ও রাশেদুল ইসলাম রাশু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়, কলেজ মাঠ ও ওয়াপদা সংলগ্ন এলাকায় একটি মসজিদসহ প্রায় ২৫০টি দোকান রয়েছে, যার ওপর ভিত্তি করে প্রায় ৫ হাজার পরিবার জীবিকা নির্বাহ করছে। জনস্বার্থে রাস্তা বা ড্রেন নির্মাণের জন্য জায়গা ছাড়তে ব্যবসায়ীরা রাজি থাকলেও, তাদের দোকানঘরগুলো একেবারে ভেঙে না ফেলে ক্ষুদ্র পরিসরে হলেও সেখানে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রশাসন একটু মানবিক দিক বিচার করে আমাদের বাঁচিয়ে রেখেও উন্নয়ন করা সম্ভব। বক্তারা আরও বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ছোট দোকানঘরে ব্যবসা চালিয়ে যেতে একমত হয়েছিলাম।

কিন্তু মানবিক দিক বিবেচনা না করে দোকান ভেঙে ফেললে শত শত পরিবার পথে বসবে। আমরা চাই প্রয়োজনীয় জায়গা রেখে বাকি অংশটুকু যেন আমাদের ব্যবসার জন্য বরাদ্দ রাখা হয়।” তারা বলেন, কলেজ মোড়ে রাস্তার পাশের প্রায় ২৯টি ফার্মেসীর দোকান যেমন পুর্নবাসন করা হয়েছে, তেমনই আমাদেরও করার বন্দোবস্ত করেন। মানববন্ধন শেষে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন যে, তারা ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার রশিদসহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সংরক্ষণ করছেন। তারা জেলা প্রশাসকের কাছে মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য জোর দাবি জানান। পেটে ভাত না থাকলে উন্নয়ন দিয়ে কি করবো? আমাদের ন্যার্য দাবী না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোন উপায় থাকবে না বলেও জানান ব্যবসায়ীরা। কর্মসূচিতে কাটাইখানা মোড়, কলেজ মাঠ এবং ওয়াবদা গেট সংলগ্ন দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সদস্যসহ কয়েকশ সাধারণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।