কুষ্টিয়া স্টোরে তেল না পেয়ে চালকদের সড়ক অবরোধ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া স্টোরে তেল না পেয়ে চালকদের সড়ক অবরোধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে অবস্থিত কুষ্টিয়া স্টোর পেট্রোল পাম্পে তেল না পাওয়ার অভিযোগে ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চালকরা সড়ক অবরোধ করেছেন। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে অবস্থিত কুষ্টিয়া স্টোর পাম্প এর সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন চালকরা। অবরোধে অংশ নেওয়া ট্রাকচালক শামীম হোসেন জানান, তিনি পাম্পে তেল নিতে গেলে সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান তাকে বলেন যে পাম্পে তেল নেই, তাই তেল দেওয়া যাবে না। পরে আবার জানানো হয়, পাম্পের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ‘সাহেব’ না আসা পর্যন্ত তেল সরবরাহ করা সম্ভব নয়। তিনি বলেন, ওই সময় এলাকায় রাস্তা বন্ধ থাকায় তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন।

আরেক ট্রাকচালক মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগ করেন, পাম্পে তেল থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছিল না। পাম্পের কর্মচারীরা তাকে জানান, মালিক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি না পাওয়া পর্যন্ত তেল দেওয়া যাবে না। পাম্পে কর্মরত নোজেলম্যানও একই ধরনের কথা বলেছেন বলে দাবি করেন তিনি। ট্রাকচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “পাম্প থেকে তেল না দেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করি। কর্মচারীরা বলেন, মালিক বা ‘সাহেব’-এর অনুমতি ছাড়া তেল দেওয়া যাবে না। কিন্তু কখন সেই সাহেব আসবেন বা অনুমতি দেবেন এ নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। দীর্ঘ সময় অপেক্ষা করে হয়রানির শিকার হওয়ায় আমরা প্রতিবাদস্বরূপ সড়ক অবরোধ করি।” পরে প্রসাশন ও পাম্প মালিকের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক অবরোধ তুলে নেন চালকরা এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।