বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার কালিশংকরপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের ২য় গেট সংলগ্ন প্রায় ১শ’ স্কয়ার ফিট সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় মানিক হোসেন ওরফে নেনু কসাই নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জাতীয় নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ করেই উক্ত স্থানে সিমেন্টের খুঁটি, বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী দোকানঘর নির্মাণ শুরু হয়। দীর্ঘদিন ধরে ফাঁকা থাকা সরকারি জায়গাটি দখলের উদ্দেশ্যেই এই স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে তাদের অভিযোগ। এলাকার একাধিক বাসিন্দা জানান, হঠাৎ করে দেখি খুঁটি পুঁতে দোকান তোলা হচ্ছে। পরে জানতে পারি নেনু কসাই নামের একজন এটি করছেন। কয়েকদিন কাজ চলার পর নির্মাণ বন্ধ হয়ে যায়। তবে স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে। আমাদের ধারণা, কাজ শেষ না করলেও জায়গা দখলে রাখতেই এটি রেখে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানিক হোসেন ওরফে নেনু কসাই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওটা আমার জায়গা নয়, আমরা নির্মাণও করছি না। ছেলেপেলেরা ক্যাম্প করার জন্য করেছিল। আমি তাদের নিষেধ করেছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। স্থাপনাটি এখনো অপসারণ না হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ছেলেপেলেদের ডেকে বলব, কাল-পরশুর মধ্যে ভেঙে সরিয়ে নিতে। এ ব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুষ্টিয়ার সহকারী প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, কয়েকদিন আগে স্থাপনাটি আমরা দেখেছি। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়েছে। খুব শিগগিরই পৌরসভা বরাবর লিখিতভাবে জানানো হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ বলেন, বিএডিসি আনুষ্ঠানিকভাবে জানালে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরপরও আমরা নিজ উদ্যোগে লোক পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা না নিলে সরকারি জমি দখলের প্রবণতা আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধান চান তারা।
