হলফনামায় সম্পদ নিয়ে লুকোচুরি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হলফনামায় সম্পদ নিয়ে লুকোচুরি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি অটো রাইস মিল ও পেট্রোল পাম্পের মালিক হলেও হলফনামায় তা উল্লেখ করেননি। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য প্রায় ১০ কোটি টাকা। জানা যায়, আনোয়ার খান খোকসা উপজেলা সদরের মক্কা-মদিনা ফিলিং স্টেশন ও কুমারখালীর বাটিকামারা গ্রামের মেসার্স হাজী আনোয়ার খান এগ্রো ফুড অটো রাইস মিলের মালিক। কিন্তু হলফনামায় এ দুই ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য গোপন করেছেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে জমিসহ ফিলিং স্টেশনটি প্রায় ছয় কোটি টাকায় কেনেন আনোয়ার খান। ওই বছরের আগস্ট মাসে নিজের নামে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেন। তিনি কেনার আগে ফিলিং স্টেশনটির নাম ছিল শহীদ বরকত ফিলিং স্টেশন। এ ছাড়া কুমারখালীর তরুণ মোড়ের পাশে বাটিকামারায় তিন কোটি টাকায় একটি অটো রাইস মিল কেনেন আনোয়ার খান। এ বিষয়ে আনোয়ার খান বলেন, অটো রাইস মিলটি জুনের পরে কেনা। প্রতিষ্ঠানটি তাঁর আয়কর তালিকাভুক্ত হয়নি। এ কারণে রাইস মিলটি হলফনামায় দেখানো হয়নি। এ ছাড়া পেট্রোল পাম্পসহ যাবতীয় সম্পদের কাগজ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।