সংসদ নির্বাচনে ইবির ইছাআ নেতা বনে গেলেন পেশাদার সাংবাদিক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সংসদ নির্বাচনে ইবির ইছাআ নেতা বনে গেলেন পেশাদার সাংবাদিক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন (ইছাআ)  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বনে গেলেন পেশাদার সাংবাদিক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কুষ্টিয়া অঞ্চলের স্থানীয় সাংবাদিকরা। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহের কার্ড দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানেনি নির্বাচন কমিশন (ইসি)। পেশাদার সাংবাদিকদের বদলে রাজনৈতিক নেতা ও ফেসবুক পেজের অ্যাডমিনদের হাতে নির্বাচনী কার্ড দেওয়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙানো তালিকা পর্যালোচনায় দেখা গেছে, অনেক অপেশাদার ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বৈধ কার্ড সংগ্রহ করেছেন। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত একটি অনলাইন পোটার্লের সাংবাদিক পরিচয়ে কার্ড পেয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, অনেক প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন পোটার্লের নাম নিয়ে কার্ড সংগ্রহ করেছেন, যেটা সুষ্ঠু সাংবাদিকতা ও নির্বাচনের নিরপেক্ষ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আইন অনুষদের শিক্ষার্থী জাবেদ বলেন, রাহাতকে আগে কখনো সাংবাদিকতা করতে দেখি নি। একটা সংগঠনের নেতা হয়েও সাংবাদিকতা করলে নিরপেক্ষতা থাকে না। নির্বাচন কমিশন এদেরকে সাংবাদিক কার্ড দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুন্ন করেছে।

এ বিষয়ে ইসমাইল হোসেন রাহাত বলেন, আমি মোটামুটি সাংবাদিকতার সাথে একটা সময় ছিলাম।  পরে মৌলিকভাবে আবারও যুক্ত হয়েছি। বিশেষ করে আমার সংগঠনের লিডিং পোটার্লসহ বিভিন্ন যেই পোটার্লগুলো থাকে তাদের মাধ্যমে। এখন নতুন একটা পোটার্লে যুক্ত হয়েছি বাইরের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসের প্রতিনিধি হিসেবে না। তিনি আরো বলেন, ২০২২ সালের দিকে ক্যাম্পাসে সাংবাদিকতা করেছি। সেই সময়কার প্রতিনিধি কার্ড আমার কাছে আছে। সাংবাদিকতা করছি বলতে আমি কার্ড নিয়ে রেখেছি। সেই সময়কার দুই একটা নিউজ হয়তো পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মাইমুন ইসলাম বলেন, কেন্দ্র থেকে সংগঠনের দায়িত্বশীল হয়ে সাংবাদিকতার কোন কার্ড নেওয়ার নির্দেশনা দেওয়া হয় নি। তবে তিনি আগে থেকে সাংবাদিকতা করেছেন কিনা আমার জানা নেই। নির্বাচন কমিশন যেহেতু তাকে কার্ড প্রদান করেছে। এ বিষয়ে তিনি ই ভালো বলতে পারবেন।