যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৯, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল থেকে বিদ্যালয় চত্বর ছিল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মুখরিত। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ারসহ নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সুফিয়ান (চুন্নু), সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সুলতানা রাজিয়া, নিলুফা ইয়াসমিন, রাশেদুল ফিরোজ, আবু ফয়েজ, মো. দেলোয়ার হোসেন, স্বপন কুমার দাস, মিজানুর রহমান, রাকিবুল আলম মামুন, রাকিবুল হক, দিপু সুলতান, সোহানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। শেষে সভাপতি তাঁর বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।