বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের অনুমতি না থাকা ফিজিশিয়ান স্যাম্পল মজুদ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) কুষ্টিয়া সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আকন্দ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহ করা ফিজিশিয়ান স্যাম্পল মজুদের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবীব ফার্মেসি ও রাবেয়া ফার্মেসিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার পাশাপাশি প্রচলিত আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ও ওষুধ বিক্রিতে অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।









