কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে শয়তানের নিঃশ্বাস’র ভয়ংকর ফাঁদে নারী! 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর তিনি অস্বাভাবিক বোধ করেন। পরে তাঁর সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারের সন্দেহ করছেন ভুক্তভোগীর স্বজনেরা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে আমলা বাজারের কদমতলা মোড় এলাকায় মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর ভুক্তভোগী ময়না খাতুনের সঙ্গে সরাসরি কথা বলে জানা যায়, তিনি প্রতিদিনের মতো সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথা হয়।

এরপর কী ঘটেছিল, তার পুরো বিষয়টি তিনি পরিষ্কারভাবে মনে করতে পারছেন না বলে জানান। কিছু সময় পর তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা নেই। ময়না খাতুন বলেন, “লোকটির সঙ্গে কথা বলার পর কী হয়েছিল, তা ঠিকমতো মনে নেই। পরে দেখি আমার স্বর্ণ, মোবাইল ও টাকা নেই।” ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গেও কথা হয়।

তাঁরা জানান, আমলা বাজারে অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে প্রতারণার বিষয়ে এর আগেও সতর্ক করা হয়েছে। তবে এবার কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, প্রতারণার সময় কোনো ধরনের চেতনানাশক বা মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে এমন পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ‘ডেভিলস ব্রেথ’ বা স্কোপোলামিন ব্যবহারের সন্দেহের কথা বলা হলেও, সরাসরি কথা বলে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ফুটেজে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁকে কেউ চিনে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বললে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তবে ‘ডেভিলস ব্রেথ’ বা স্কোপোলামিন ব্যবহার করা হয়েছিল এমন কোনো তথ্য এখনো পুলিশের হাতে নিশ্চিতভাবে নেই।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর