মিরপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহনন, এলাকায় শোকের ছায়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহনন, এলাকায় শোকের ছায়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৮, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের যোগিপোল গ্রামে এক মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা ঘটেছে। বাবা-মায়ের সাথে অভিমান করে রাসেল (৩২) নামের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিল। দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১ ঘটিকায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাসেল পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

গত কয়েকদিন ধরে পরিবারের অভ্যন্তরে তীব্র কলহ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এক পর্যায়ে রাসেলের বাবা ক্ষোভের বশবর্তী হয়ে তাকে বলেন, “তুই কি ট্রাকের নিচে মাথা দিয়ে মরতে পারিস না?” বাবার এই কথাটি সহ্য করতে না পেরে রাসেল ক্ষোভে ও অভিমানে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে পিয়াস ফার্মেসীর সামনে গিয়ে দ্রুতগামী একটি সিএনজির নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

দুর্ঘটনায় রাসেল গুরুত্বর আহত হলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারাযান। রাসেলের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রাসেলের স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর এই মর্মান্তিক মৃত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। পারিবারিক কলহের জেরে এই মৃত্যুর ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।