ভেড়ামারা তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তর্কাতর্কি থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষে বিএনপি ও জাসদের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।  এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তাকের ছেলে ফাহিম এবং তকাইয়ের ছেলে রিফাতের মধ্যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের সূত্রপাত ঘটে।

একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনার জের ধরে বাজারে থাকা লোকজন দুইপক্ষে বিভক্ত হয়ে পড়েন এবং উভয়পক্ষ শক্তি সঞ্চয় করে সংঘর্ষে জড়ান। এ সময় লাঠিসোটা, রড এবং হাতুড়ির আঘাতে বিএনপি পক্ষের রেজাউল, রবিউল ইসলাম রবি, সিয়াম, তকাই ও সিরাজসহ আরো বেশ কয়েকজন আহত হন। জাসদের পক্ষে বশির, সিয়াম (মোস্তাকের ভাতিজাসহ) কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাজারে থমথমে সৃষ্টি হয়। দোকানপাট সব বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালিত হয়। তাৎক্ষণিকভাবে কোনো আটক নেই।

তবে বাজারে শওকতের চায়ের দোকান থেকে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে জাসদ এখানে বিক্ষোভ প্রদর্শনসহ তৎপর হয়। এ সময় বিএনপির দলীয় কিছু নেতাকর্মী এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য তাদেরকে বিক্ষোভ করতে নিষেধ করে। এর ফলে ক্ষুব্ধ হয়ে জাসদের নেতাকর্মীরা বিএনপি লোকজনের ওপর হামলা করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন, চন্ডিপুরে মারামারি ঘটনার সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনা যেন বিস্তৃত আকার ধারণ না করে সে জন্য তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। গতকাল সোমবার রাত ৭টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।