বিশেষ প্রতিনিধি ॥ এবারের ত্রয়োদশ নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। আমরা এই ফলাফলকে শিক্ষা হিসেবে গ্রহণ করব এবং কোথায় আমাদের দুর্বলতা ছিল তা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা মানুষের আশা-আকাঙক্ষা আরও ভালোভাবে বুঝতে হবে। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূলের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী ফল বিপর্যয়ের পর ধারাবাহিকভাবে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের মতামত, তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে নেওয়া হবে পদক্ষেপ। ধারাবাহিকভাবে মূল্যায়ন সভার অংশ হিসেবে, গতকাল সকাল ১১ টার দিকে সদর উপজেলার উজাগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিজয় যেমন আমাদের অনুপ্রাণিত করে, পরাজয় তেমনি আমাদের শিক্ষা দেয়। তবে কেন্দ্রীয় দলীয় নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হবে। আমাদের মনে রাখতে হবে দল শক্তিশালী হয় নেতাকর্মীদের ঐক্য, ত্যাগ ও শৃঙ্খলার মাধ্যমে।
বিভক্তি নয়, ঐক্যই আমাদের শক্তি। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে। আসছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম প্রমূখ। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ০৯ টি ওয়ার্ডের নেতাকর্মী। এদিকে বক্তারা বলেন, এই নির্বাচনের ফলাফল আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও তুলে ধরেছে। কোথায় আমাদের সংগঠন শক্তিশালী ছিল, কোথায় দুর্বলতা ছিল এসব বিষয় খোলামেলা আলোচনা করা জরুরি মনে করে আজকের এই সভা। ব্যক্তিগত সমালোচনা নয়, বরং দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমাদের তৃনমূলকে মূল্যায়ন করতে হবে।
