রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলার ইমামবৃন্দের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) সকাল এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোহাম্মদ হেলালউজজামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারি ও স্ট্যাম্প শাখা) মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা ও জুডিসিয়াল মুন্সিখানা শাখা) আবু সালেহ মোহাম্মদ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মোহাম্মদ জাকিউল আলম, জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত মসজিদ ও মাদ্রাসার ইমামবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আগামী দিনে আমাদের দেশের ভোট ব্যবস্থা হবে দুই ধরনের। প্রথমটি হলো। প্রতি পাঁচ বছর অন্তর দেশের শাসনভার পরিচালনার জন্য সরকার গঠনের নির্বাচন। এটি একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু এর পাশাপাশি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের কথা আমি বিশেষভাবে তুলে ধরতে চাই। সেটি হলো আগামীর বাংলাদেশের জন্য শত বছরের ভোট। এই ভোট কোনো একটি দল বা সরকারের জন্য নয়। এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই গণভোটের মাধ্যমে আজকের নাগরিকরা সিদ্ধান্ত নেবেন। আমাদের সন্তানরা আগামী একশ বছর পর কেমন বাংলাদেশে বসবাস করবে। এই গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে জনগণ সরাসরি মতামত প্রকাশ করবেন। এর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে।
