নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ীর আবেদন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ীর আবেদন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১, ২০২৬

ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। ভুক্তভোগী উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের গোলাম সরোয়ারের ছেলে মো. মাহফুজুর রহমান বর্ষণ। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে “বর্ষণ ইলেকট্রিক” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। লিখিত আবেদনে মাহফুজুর রহমান বর্ষণ উল্লেখ করেন, থানার নিকটে ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বর্তমান ওসি মোতালেব হোসেন এর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের গত জানুয়ারি মাসের ১ তারিখে ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে কিনে দেওয়ার জন্য চাপ দেন।

এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ। এ বিষয়ে ভুক্তভোগী বর্ষণ জানান, তিনি বর্তমানে খুব কঠিন সময় পার করছেন। প্রথমে ভালো সম্পর্ক তৈরি করে পরে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হয়। থানার মসজিদে বিভিন্ন কাজ করিয়ে বিল আদায়ের জন্যও তার দোকানে পাওনাদার পাঠানো হয়েছে। তিনি এখন ব্যবসা পরিচালনা ও বাড়ির বাইরে যাওয়া নিয়ে শঙ্কায় আছেন। তিনি অভিযুক্ত ওসির বদলি ও বিচার দাবি করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের জন্য তৎপর। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায়। রাজন তাকে বিতর্কিত করার জন্য চক্রান্ত করতে পারে। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলে জানান। এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।