নিজ সংবাদ ॥ গুরুকুল নার্সিং ইনস্টিটিউট, কুষ্টিয়ার আয়োজনে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৫ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন হয়। গুরুকুল ইনস্টিটিউটের শিক্ষার্থী সিজান ইসলাম ও সুমাইয়া আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কামরুল হোসাইন।
তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের যাত্রা শুরু এবং বিদায়প্রাপ্তদের ভবিষ্যৎ পথচলা উভয়ই আমাদের জন্য গর্বের। এই আয়োজনে আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। আরো বক্তব্য রাখেন, নার্সিং এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তাজমীরা সুলতানা, সাফিনা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল বিথীকা বাড়য়, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ললিতা মন্ডল ও নাসরিন সুলতানা, আলো নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতা দাস এবং লিজা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আসমা খাতুন।
বক্তারা নার্সিং পেশার গুরুত্ব, মানবসেবার চেতনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের নার্সিং পেশার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হয়ে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতার জন্য শুভকামনা করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, সৌহার্দপূর্ণ এবং অনুপ্রেরণামূলক। গুরুকুল নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান কুষ্টিয়ায় নার্সিং শিক্ষার অগ্রযাত্রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
