ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মেহেদী রুমী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: মেহেদী রুমী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ার কুমারখালী থানার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুরে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ ও মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও জনগণের বিজয় নিশ্চিত করার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে (সদর) ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট শিমুল বিশ্বাস।

তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতা বদলের নির্বাচন নয়, এই নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার নির্বাচন। দেশের মানুষকে স্বস্তি দিতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তার জ্বালাময়ী বক্তব্য উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো জনগণের সাংবিধানিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস নিশ্চিত করা।

তিনি আরো বলেন, “দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা আজ সবচেয়ে বেশি অপরিহার্য। আপনাদের ঐক্যবদ্ধ শক্তিই পারে দেশকে এই সংকট থেকে মুক্ত করতে। তাই আসুন, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।” জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে জনতার এই উপস্থিতি প্রমাণ করে যে, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি চান। বক্তাদের জোরালো ও প্রেরণাদায়ক বক্তব্য পুরো জনসভাস্থলে এক উৎসবমুখর এবং আশাব্যঞ্জক পরিবেশ সৃষ্টি করে। জনসভা শেষে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে এবং গগণবিদারী কণ্ঠে ধানের শীষের পক্ষে স্লোগান দেন। তারা আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় নেতারা জানান, এই জনসভা এলাকায় ধানের শীষের পক্ষে এক নতুন গণজাগরণ সৃষ্টি করেছে।