দৌলতপুরে মন্ডল বাহিনীর শুটার লাবলু গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মন্ডল বাহিনীর শুটার লাবলু গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৩, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ইউনিয়নের পদ্মার চরাঞ্চল চৌদ্দহাজার মৌজায় সংঘটিত আলোচিত ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সন্ত্রাসী শুটার লাবলু মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীর অভিযানিকদল। জানা গেছে, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে পদ্মার চরাঞ্চলের চৌদ্দহাজার মৌজায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে তিনজন নিহত হয়। এ ঘটনায় ২ নভেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়ার দৌলতপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়।

ঘটনাটি পদ্মা নদীর চরাঞ্চলে হওয়ায় মামলার তদন্তভার রাজশাহী অঞ্চলের নৌ পুলিশের অধীনে-ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মামলাটির তদন্তের দায়িত্ব পান। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট দীর্ঘদিন ধরে আসামিদের গ্রেফতারে নজরদারি চালিয়ে আসছিল। নৌ পুলিশ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর ও পাবনা জেলার পুলিশ এবং চার জেলার র‌্যাবের গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে উক্ত মামলার আসামীদের গ্রেফতারে তৎপর। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে পদ্মার চরাঞ্চলের কথিত সন্ত্রাসী “বিল্লাল মন্ডল বাহিনীর” অন্যতম সদস্য ও শুটার লাবলু মন্ডলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লাবলু মন্ডল রাজশাহী জেলার বাঘা উপজেলার চাঁনপুর এলাকার মৃত গাজী মন্ডলের ছেলে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে,পদ্মার চরাঞ্চলের ফিলিপনগর, মরিচা ও চিলমারী এলাকায় বিল্লাল মন্ডল বাহিনী দীর্ঘদিন ধরে অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার, মাদক ব্যবসা,জলদস্যুতা, ডাকাতি, লুটপাট, জমি দখল এবং বৈধ বালুর ঘাটে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া স্থানীয় সূত্র দাবি করেছে,তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা কোনো সাংবাদিক সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার পরিকল্পনাও করা হতো বলে তথ্য পাওয়া রয়েছে।এ বিষয়ে নৌ পুলিশ রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, “লাবলু নামের একজন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন,তাকে আইনের আওতায় আসতেই হবে।