জিকে সেচ প্রকল্পে যান্ত্রিক বিপর্যয়ে বিপাকে চার জেলার লাখো কৃষক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জিকে সেচ প্রকল্পে যান্ত্রিক বিপর্যয়ে বিপাকে চার জেলার লাখো কৃষক 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৯, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি ॥ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের কৃষিনির্ভর চার জেলা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরায় থমকে গেছে সেচ কার্যক্রম। দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের একাধিক পাম্প। এতে চাষাবাদে মারাত্মক প্রভাব পড়েছে এবং চরম বিপাকে পড়েছেন লাখো কৃষক। জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত জিকে সেচ প্রকল্পটি ১৯৫৪ সাল থেকে চার জেলার কৃষিজমিতে সেচ সরবরাহ করে আসছে। তবে ২০০২ সাল থেকে প্রকল্পের ১২টি সাব পাম্প বিকল অবস্থায় রয়েছে।

এরপর ২০২১ সালে প্রধান তিনটি পাম্পের মধ্যে দুটি বিকল হয়ে পড়ে। এর মধ্যে একটি আংশিকভাবে মেরামত করা হলেও আরেকটি এখনো সম্পূর্ণ অচল রয়েছে। প্রকল্পের আওতায় ১৩টি উপজেলার প্রায় ১ লাখ ৯৭ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি না পাওয়ায় মাঠে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে। কৃষকরা বলছেন, দ্রুত পাম্পগুলো মেরামত না হলে আগাম মৌসুমের চাষাবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

জিকে সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, “বিকল পাম্পগুলো সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু যন্ত্রাংশ সংগ্রহ চলছে, অল্প সময়ের মধ্যেই কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করছি।” অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক জাহেদুল ইসলাম বলেন, “সমস্যার স্থায়ী সমাধানের জন্য নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে এটি অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলেই মেরামত ও সংস্কারের কাজ শুরু হবে।” স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন, দ্রুত পাম্পগুলো সচল হলে আবারও সেচব্যবস্থায় প্রাণ ফিরবে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতি ঘুরে দাঁড়াবে।