বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার-এর পক্ষে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সর্বস্তরের শিল্পীবৃন্দ। গান, সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ ধারার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভোটের আহ্বান জানানো হয়। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে এনএস রোড অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল স্থানে এই প্রচারণা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
প্রচারণায় শিল্পীরা গান ও কথার মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানাতে জনগণের প্রতি আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমে মানুষের কাছে সহজভাবে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পীদের অংশগ্রহণে প্রচারণা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। জাসাস নেতারা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসংযোগ জোরদার করা এবং প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে জনসমর্থন বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
