খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজ মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। তিনি খোকসা উপজেলার আওতাধীন ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্বিক দিকনির্দেশনা মূলক বক্তব্য ও নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে আগত টিম খোকসা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্রকরণে প্রদত্ত সিসি ক্যামেরা পরিদর্শন করেন।
