খোকসা প্রতিনিধি ॥ মামলা বিচারাধীন থাকা অবস্থায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টাকে কেন্দ্র করে খোকসায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকের এসএসসি পরীক্ষার্থী ছেলে ও তার বৃদ্ধা মা আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সাংবাদিক গোলাম আহমেদ সবুজের দাদার সম্পত্তি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ এবং বিষয়টি আদালতে বিচারাধীন। অভিযোগ রয়েছে, স্থানীয় জসিম ও মতিন ওই জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেন।
এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর থানায় বৈঠকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয় বলে দাবি পরিবারের। তবে পরিবারের অভিযোগ, পরদিনই অভিযুক্তরা লোকজন নিয়ে পুনরায় কাজ শুরু করলে বাধা দিতে গেলে হামলার ঘটনা ঘটে। এতে সবুজের ছেলে শোভন ও তার মা আহত হন। এ ঘটনার সত্যতা জানতে গেলে অভিযুক্ত জসিম মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
