পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল ক্যাম্পাসে পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত। প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিত নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে।
এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অন্যরকম মিলনমেলায়। পিঠা উৎসবে ১৫টি পৃথক স্টলে ছিল শতাধিক বাহারি রকম পিঠাপুলি ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। হারিয়ে যাওয়া ঐতিহ্যের শীতের এই পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা। তাদের চাওয়া প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়।
পিঠা উৎসবে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মো. শাহবুদ্দিন, মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ, মরহুম আজিজুর রহমান ট্রাস্ট এর চেয়ারম্যান উম্মে সাইমা সাদিয়া, লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস, মধু’স ফ্যাশন এর ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ, জার্নাল ভিশন২৪ এর নির্বাহী সম্পাদক নাজমুল হাসান। এসময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদিউজ্জামাল দুর্জয় বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীন সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সমৃদ্ধি করতে আমরা এমন আয়োজন করে আসছি।
