খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গড়াই নদীর চাঁদট খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম বাবু মুন্সী (২৫)। তিনি চাঁদট বাজার এলাকার ইকবাল মুন্সীর ছেলে। বাবু প্রতিবন্ধী ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। জীবিকার জন্য তিনি ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং তার বৃদ্ধ দাদার সঙ্গে বসবাস করতেন।পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে বাবু মুন্সী একা গড়াই নদীর চাঁদট খেয়াঘাট এলাকায় গোসল করতে যান।

সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় নদীর ঘাটে তার শুকনো কাপড়, স্যান্ডেল এবং কিছু টাকা পড়ে থাকতে দেখা যায়।ঘটনাটি খোকসা ফায়ার সার্ভিসকে জানানো হলে সন্ধ্যায় তাদের একটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত ৭টা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করা হয়। পরদিন মঙ্গলবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট পুনরায় উদ্ধার অভিযান শুরু করে এবং সকাল পৌনে ১০টার দিকে বাবু মুন্সীর মরদেহ উদ্ধার করা হয়।নিহতের দাদা মকবুল মুন্সী জানান, নদীতে গোসল করতে যাওয়ার সময় তিনি বাবুকে বাধা দিয়েছিলেন।

কিন্তু তার কথা না শুনে বাবু নদীতে যায়। পরে কাপড় ও স্যান্ডেলের নিচে টাকা দেখে তিনি নিশ্চিত হন যে বাবু আর বেঁচে নেই। তিনি আরও জানান, বাবু মৃগীরোগে আক্রান্ত ছিল এবং ছোটবেলা থেকেই তার কাছে বড় হয়েছে।খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়েছিল। পরদিন খুলনা থেকে আসা ডুবুরি দল মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।এদিকে ঘটনাস্থলে উপস্থিত খোকসা থানার উপপরিদর্শক (এসআই) আলাল জানান, বিষয়টি পাবনার ঈশ্বরদী নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।