নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সাবেক তিন মরহুম ক্রীড়া সংগঠকের স্মৃতি ও সামাজিক অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মরহুম হাফিজুর রহমান বাবু, এম এ শামীম আরজু, বদর উদ্দিন শেখ নিলু স্মৃতিতে কুষ্টিয়ার সকল সিনিয়র খেলোয়াড়দের আয়োজনে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট- ২০২৬(৪০+) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মডার্ন প্লাইউড চেয়ারম্যান আকরাম হোসেন বাবু এর পৃষ্ঠপোষকতায় খেলার পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একটু পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মিনহাজুর রহমান আলো। এতে কুষ্টিয়া মডার্ন প্লাইউডের চেয়ারম্যান আকরাম হোসেন বাবুর অনুপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন, মডার্ন প্লাইউডের পরিচালক আবুল কালাম আজাদ, ও বিশেষ অতিথি ছিলেন প্লাইউডের সিনিয়র মার্কেটিং অফিসার আমিরুল ইসলাম, একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন প্রমূখ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন সুমি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী কবির হাসান।
সিনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত ফাইনাল টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ খেলায় পাবনা জেলার ঈশ্বরদী সিনিয়র ফুটবল টিম বনাম কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র ফুটবল টিম। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে নির্ধারিত সময়ে ঈশ্বরদী সিনিয়র ফুটবল টিম ২-১ গোলে দৌলতপুর ফুটবল টিমকে পরাজিত করে। পরে অতিথিরা বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০হাজার টাকার প্রাইজমানি এবং পরাজিত দলকে রানার্সআপ ট্রফি ও ১০হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, মরহুম হাফিজুর রহমান বাবু, যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি, ভলিবলের ন্যাশনাল দলের খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় ছিলেন। এম এ শামিম আরজু, যুব স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, ক্রিড়া সংগঠক, কুষ্টিয়া জেলা বি এন পির যুগ্ন সম্পাদক ছিলেন। বদরুদ্দীন শেখ নিলু, যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামিয়া কলেজের সাবেক শিক্ষক, বাংলাদেশ ভলিবল দলের খেলোয়াড় ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মিনহাজুর রহমান আলো বলেন, আজকের এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করতে যারা পরিশ্রম করেছেন, আয়োজক কমিটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক, খেলোয়াড় এবং দর্শকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, এই আয়োজন প্রয়াত তিন ক্রীড়া সংগঠকের স্মৃতিকে সম্মান জানানোর একটি মহৎ উদ্যোগ। তারা নিজেদের মেধা, পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে কুষ্টিয়ার ফুটবল অঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান আমাদের নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এসময় প্রধান অতিথি মডার্ন প্লাইউডের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, কুষ্টিয়া মডার্ন প্লাইউডের চেয়ারম্যান আকরাম হোসেন বাবুর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আজকের এই সুন্দর ক্রীড়া আয়োজন সম্ভব হয়েছে।
সমাজ ও তরুণ প্রজন্মের জন্য তাঁর এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক ও ক্রীড়া কর্মকাণ্ডে তাঁর সহযোগিতার হাত আরও প্রসারিত করবেন। এছাড়া মডার্ন প্লাইউডের সিনিয়র মার্কেটিং অফিসার বলেন, আমাদের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের প্রত্যেকের উচিত তরুণদের মাঠমুখী করা এবং নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করা। আজকের খেলায় মডার্ন প্লাইউডের চেয়ারম্যান আকরাম হোসেন বাবুর উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু ব্যবসায়ী কাজে দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারে নাই। তবে তারই পৃষ্ঠপোষকতায় আজকের খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনেও এ ধরনের আয়োজনে তার সহযোগিতা থাকবে। এদিকে আয়োজকরা জানান, মরহুম এই ক্রীড়া সংগঠকের সামাজিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।









