কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় হাম রোগীর সংখ্যা বেড়ে ৫৪ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় হাম রোগীর সংখ্যা বেড়ে ৫৪

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন হাম (মিজেলস) রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাতেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এখানে ৪ জন সন্দেহভাজন এবং ৪ জন নিশ্চিতসহ মোট ৮ জন রোগী পাওয়া গেছে। এছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কুষ্টিয়াতে ৪ জন সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে দৌলতপুর উপজেলাতে ১ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে।

তবে মিরপুর উপজেলা, ভেড়ামারা উপজেলা, কুমারখালী উপজেলা এবং খোকসা উপজেলাতে নতুন করে কোনো রোগী পাওয়া যায়নি। তবে মোট পরিসংখ্যানে কিছু অসামঞ্জস্য থাকায় তথ্য যাচাই-বাছাই করছে স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে এবং ঝুঁকিপূর্ণ রোগ। গত বছর পর্যাপ্ত টিকা পাওয়া যায়নি, এমনকি বর্তমানে আমাদের কাছে টিকা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি আরও জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব সংক্রমণ বৃদ্ধির একটি বড় কারণ।

হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার ও পুষ্টিকর খাবার গ্রহণ সংক্রমণ কিছুটা কমাতে সাহায্য করে, তবে এ বিষয়ে সচেতনতা এখনও কম। সংক্রমণ বৃদ্ধির আরেকটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জেলার অনেক মানুষ কাজের প্রয়োজনে বাইরে থাকেন এবং অসুস্থ অবস্থায় এলাকায় ফিরে আসেন। এতে স্থানীয়ভাবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের তদারকি জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকা হাতে পেলেই দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।