দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এর এর নিকট (বাংলাদেশের অভ্যন্তরে) প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর সাথে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে নিম্নোক্ত বিষয়গুলোতে নিয়ে আলোচনা ও ঐক্যমত পোষণ করেন। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক কর্তৃক প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্টকে জানান যে,
মুলত গত ১৮ ডিসেম্বর চিলমারী বিওপির প্রতিপক্ষ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যগণ কর্তৃক সীমান্তে ফায়ারিং এর ঘটনার প্রেক্ষিতে এ ধরণের ঘটনার সঠিক ব্যাখ্যা নির্ণয় এবং পুনরাবৃত্তি রোধে যৌথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজকের এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছে। অধিনায়ক আরো বলেন যে সীমান্তে কোন ধরনের ফায়ারিং ঘটনা কাঙ্খিত নয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন, বিক্রম দেব সিং, কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ, রওশনবাগ, ভারত। পরিশেষে, উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত শেষ হয়।
