কুষ্টিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল নবজাতকের মরদেহ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল নবজাতকের মরদেহ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতকের (কন্যা) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

স্থানীয়দের ভাষ্যমতে, মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা পুকুরে একটি বস্তা পান। পরে তা উপরে তুলে দেখা যায় একটি নবজাতক শিশুর লাশ।শিশুটির ওজন প্রায় দুই কেজি হলেও তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। এতে এলাকায় বেশ চরাঞ্চলের সৃষ্টি হলে একনজর মরদেহটি দেখতে ছুটে আসেন এলাকাবাসী।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের ধারেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় এক ছেলের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। তখন তারা ভেবেছিল বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় এক কন্যা নবজাতক শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওসি বলেন, ‘স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি শিশুটির।’