কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নারী পুলিশ সদস্যের ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৪

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার কমলাপুর এলাকায় রুবিনা খাতুন (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। রুবিনা খাতুন কুষ্টিয়া আদালতের জিআরও অফিসের পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে এবং একই থানার রতনপুর গ্রামের বাসিন্দা আলাল শেখ (৩০) তার স্বামী বলে জানা গেছে। পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন পুলিশ সদস্য রুবিনা।

ছেলে-মেয়েরা নানা বাড়িতে বেড়াতে যাওয়ায় গতকাল বুধবার ছুটির দিনে স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে ছিলেন। সারা দিন সহকর্মীরা রুবিনাকে মোবাইল ফোনে কল দিয়ে না পেয়ে পাশের ফ্ল্যাটের পরিচিত এক প্রতিবেশীকে ব্যাপারটি জানায়। এরপর ওই প্রতিবেশীর স্ত্রী এসে রুবিনার স্বামীকে জানায়, সহকর্মীদের কল ধরছে না সে। তখন স্বামী আলাল জানায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় সকাল থেকে সে রাগ করে ঘরের দরজা বন্ধ করে আছে। এবিষয়ে পুলিশ সদস্য রুবিনার স্বামী আলাল শেখ জানান, বাসার কাজ সব আমিই করি। মাঝে মধ্যে দুজনের মধ্যে মান অভিমান হতো। কি কারনে আত্মহত্যা করেছে বিষয়টি জানেন আলাল শেখ।

গতকাল সন্ধ্যায় এ ঘটনা জানার পর সহকর্মীরা এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রুবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক পা মাটিতে, অন্য পা বিছানায়, গলার ওড়নার গিট্টু ছিলো সামনে। মাথাটা ছিলো পিছনে। এটা হত্যা না কি, আত্মহত্যা এখনো জানা যায়নি। এসময় রুবিনার বাবা আব্দুল শেখ ও তার পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাছে এর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর নিশ্চিত হয়ে বলা যাবে। তারপরও সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।